Skip to main content

Bengali

নারী ও সন্তান জন্মদানকারী ব্যক্তিদের জন্য তথ্যপত্র:

ম্যাটারনিটি ইন কালার প্রজেক্ট [প্রসূতি সেবায় বর্ণ-বৈষম্য দূর করার প্রকল্প]

এই প্রকল্পের মূল বিষয়বস্তু কী?

এটি সালফোর্ড বিশ্ববিদ্যালয় ও ম্যানচেস্টার ইউনিভার্সিটি এনএইচএস [NHS] ফাউন্ডেশন ট্রাস্টের একটি যৌথ প্রকল্প। আমরা কৃষ্ণাঙ্গ, বাদামী এবং জাতিগতভাবে বিভিন্ন বর্ণের নারী ও সন্তান জন্মদানকারী ব্যক্তি (এবং/অথবা তাদের বাচ্চাদের) সাধারণ প্রসূতি এবং নবজাতকের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার চিকিৎসা সংক্রান্ত ছবি সংগ্রহ করছি।  এই ছবিগুলো একটি ডিজিটাল শিক্ষণমূলক হ্যান্ডবুকে অন্তর্ভুক্ত করা হবে এবং সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়, মিডওয়াইফ (ধাত্রী), মিডওয়াইফ বিভাগের শিক্ষার্থী ও অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য একটি সবার কাছে উন্মুক্ত ডিজিটাল শিক্ষার উপকরণ হিসেবে উপলব্ধ থাকবে।

এই প্রকল্পটি কেন পরিচালিত হচ্ছে?

জাতিগতভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় পটভূমি থেকে আসা নারী, সন্তান জন্মদানকারী ব্যক্তি এবং শিশুরা শ্বেতাঙ্গ পটভূমি থেকে আসা ব্যক্তিদের তুলনায় প্রায়ই মাতৃত্বকালীন সেবার ক্ষেত্রে নিম্নমানের ফলাফল পান এবং খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হন।

এর একটি কারণ হলো, অধিকাংশ চিকিৎসা বিষয়ক পাঠ্যবই এবং প্রশিক্ষণের উপকরণে শুধু হালকা ফর্সা চামড়ার লোকজনের ছবি থাকে। এর ফলে, প্রসূতি সেবায় নিয়োজিত কর্মীদের পক্ষে গাঢ় চামড়ার লোকজনের নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যার লক্ষণ শনাক্ত করা কঠিন হতে পারে।  

এই প্রকল্পের লক্ষ্য হলো, প্রসূতি [ম্যাটারনিটি] বিভাগের কর্মীদের প্রদত্ত প্রশিক্ষণের মান উন্নত করার জন্য কৃষ্ণাঙ্গ, বাদামী বর্ণ এবং অন্যান্য জাতিগত সংখ্যালঘু বিভিন্ন বর্ণের মানুষের গর্ভাবস্থা, সন্তান প্রসব ও প্রসবোত্তর অবস্থা দেখানো ছবিগুলোর একটি সংগ্রহশালা তৈরি করা।.  এই ছবিগুলো মিডওয়াইফ, নার্স, ডাক্তার এবং পরিবারগুলোকে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহার করা হবে, যাতে কর্মীরা স্বাস্থ্যগত বিভিন্ন অবস্থা আরও ভালোভাবে শনাক্ত করতে পারেন এবং আরও নিরাপদ ও কার্যকর সেবা প্রদান করতে সক্ষম হন।      এছাড়া, এই উপকরণটি [রিসোর্স] নারী, সন্তান জন্মদানকারী ব্যক্তি এবং তাদের পরিবারকে স্বাস্থ্যগত অবস্থার গুরুত্বপূর্ণ লক্ষণগুলো চিনতে সাহায্য করবে; যা তাদের দ্রুত সমস্যা বুঝতে, আশ্বস্ত হতে এবং সঠিক সময়ে চিকিৎসা সেবা পেতে সহায়তা করবে। 

আমি অংশগ্রহণ করলে কী হবে?

  • আপনি বা আপনার শিশুর যদি এমন কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকে – যার ছবি আমরা তুলতে আগ্রহী হবো, তাহলে ম্যাটারনিটি ক্লিনিক্যাল টিমের [মাতৃত্বকালীন চিকিৎসা দল] একজন সদস্য আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ জানাবেন এবং প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করবেন। একইসাথে আপনার যদি কোনো জিজ্ঞাস্য প্রশ্ন থাকে, তবে তার উত্তরও দেবেন।    
  • আপনার (অথবা আপনার শিশুর) ছবি তোলা এবং তা সুরক্ষিতভাবে সংরক্ষণ করার জন্য আপনার অবহিত সম্মতি চাওয়া হবে।
  • আপনি উক্ত গবেষণায় অংশগ্রহণ করতে সম্মতি দিলে, ম্যানচেস্টার ইউনিভার্সিটি এনএইচএস NHS] ফাউন্ডেশন ট্রাস্টের ক্লিনিক্যাল ফটোগ্রাফি ও মেডিক্যাল ইলাস্ট্রেশন সার্ভিসের একজন সদস্য উপস্থিত থেকে ছবিগুলো তুলবেন।      
  • আপনার ছবি প্রকাশনায় ব্যবহারের ক্ষেত্রেও আপনার প্রদত্ত সম্মতি প্রযোজ্য হবে (যেমন— টিচিং হ্যান্ডবুক বা শিখন নির্দেশিকা, শিক্ষামূলক উপকরণ বা ভবিষ্যৎ একাডেমিক বা গবেষণামূলক প্রবন্ধ)।    

সবগুলো ছবি আপনার মেডিকেল রেকর্ডের অংশ হিসেবে সংরক্ষিত থাকবে।  তবে আপনার উল্লেখিত সম্মতি প্রদান করার পর সেগুলো শিক্ষামূলক প্রকাশনার জন্য স্যালফোর্ড ইউনিভার্সিটিকেও সরবরাহ করা হবে। আপনার পরিচয় শনাক্ত করার মতো কোনো তথ্য শেয়ার বা প্রকাশ করা হবে না।

কী ধরনের ছবি তোলা হবে?

ছবিগুলো সাধারণত নিচের শারীরিক সমস্যার হতে পারে, তবে তা কেবল এর মধ্যেই সীমাবদ্ধ নয়:       

  • গর্ভাবস্থার পরিবর্তন (যেমন – চামড়ায় ফাটা দাগ, শিরা ফোলা, শরীরের কোনো অংশ ফুলে যাওয়া)      
  • স্তন্যপান সম্পর্কিত বিষয় (যেমন: শিশুকে ধরার সঠিক পজিশন, স্তনবৃন্তে শিশুর মুখ স্থাপনের পদ্ধতি, স্তনপ্রদাহ, স্তনবৃন্তে আঘাত এবং স্তনের দুধেরনালী বন্ধ হয়ে যাওয়া)       
  • হাসপাতালে চিকিৎসা বা চিকিৎসার উন্নত ব্যবস্থা চলাকালে ত্বকে সৃষ্ট পরিবর্তন (যেমন – ক্যানুলা ব্যবহারের ফলে টিস্যুর পরিবর্তন, চাপজনিত দাগ ও আলসার, ত্বকের নিচে কালশিটে দাগ বা রক্তক্ষরণ)
  • প্রসবোত্তর পরিবর্তন (যেমন – সিজারিয়ান অপারেশনের জন্য কাটা দাগ বা পেরিনিয়ালের [যোনি ও মলদ্বারের মধ্যবর্তী স্থান] সেলাই শুকানো, সংক্রমণ, পেটের পেশীর বিচ্ছিন্নতা)       
  • নবজাতকের শারীরিক অবস্থা (যেমন: জন্ডিস, নীলচে দাগ, ফুসকুড়ি, জন্মদাগ এবং কালশিটে দাগ)
  • প্রসবপূর্ব, প্রসবকালীন এবং প্রসবোত্তর সময়ের নিয়মিত চিকিৎসা সেবার ছবিসমূহ

মর্যাদা, সম্মতি, গোপনীয়তা এবং তথ্যের সুরক্ষা সংক্রান্ত এনএইচএস [NHS]-এর নীতিমালা অনুসরণ করে সবগুলো ছবি পেশাদারিত্ব ও সংবেদনশীলতার সাথে তোলা হবে।    

আমার তথ্য এবং ছবিগুলো কীভাবে সংরক্ষণ করা হবে?

  • ছবিগুলো ম্যানচেস্টার ইউনিভার্সিটি এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টে আপনার সুরক্ষিত মেডিকেল রেকর্ডের অংশ হিসেবে থাকবে।     
  • এছাড়া এগুলো ম্যাটারনিটি ইন কালার প্রজেক্টে [Maternity in Colour Project] অন্তর্ভুক্ত করার জন্য ম্যানচেস্টার ইউনিভার্সিটি অফ স্যালফোর্ডের সাথে (পরিচয় গোপন রেখে) শেয়ার করা হবে।
  • সকল তথ্য এনএইচএস [NHS]-এর নীতিমালা, তথ্য সুরক্ষা আইন ২০১৮ (Data Protection Act 2018) এবং ইউকে জিডিপিআর [UK GDPR]-এর অধীনে সুরক্ষিত।
  • আপনার ব্যক্তিগত তথ্যের (নাম, ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি) কোনো কিছুই এই প্রকল্পের সাথে শেয়ার করা হবে না।

আমার ছবিগুলো কীভাবে তোলা হবে?

ক্লিনিক্যাল ফটোগ্রাফি টিম চিকিৎসা সংক্রান্ত ছবি তোলার ক্ষেত্রে বিশেষজ্ঞ।    ছবি তোলার সময় যতটুকু সম্ভব শুধুমাত্র শরীরের আক্রান্ত অংশের ওপরই ফোকাস করা হবে, যাতে শনাক্তযোগ্য বৈশিষ্ট্য (যেমন আপনার মুখ) অন্তর্ভুক্ত না হয়। তবে কিছু ক্ষেত্রে জন্মগত দাগ, তিল অথবা ট্যাটুর মতো বৈশিষ্ট্যগুলো ছবিতে দেখা যেতে পারে, যার অর্থ হলো, আমরা সম্পূর্ণভাবে বেনামি বা পরিচয়হীন থাকার নিশ্চয়তা দিতে পারছি না।

আমি যদি আমার সিদ্ধান্ত পরিবর্তন করি, তবে কী হবে?

ছবি তোলার পর থেকে ৫৬ দিনের মধ্যে আপনি আপনার সম্মতি প্রত্যাহার করতে পারেন।        এই সময়ের পর ছবিগুলো বেনামে প্রকাশের জন্য উন্মুক্ত করা হবে এবং এরপর আর সেগুলো প্রত্যাহার করা যাবে না।      

এতে অংশগ্রহণ করলে কি আমার চিকিৎসা সেবায় কোনো প্রভাব পড়বে?

না। এই প্রকল্পে অংশগ্রহণ করা সম্পূর্ণ ঐচ্ছিক। এই প্রকল্পে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিলে, আপনার চিকিৎসা সেবায় কোনোভাবেই কোন প্রভাব পড়বে না।

এই প্রকল্প সম্পর্কে আমার কোনো প্রশ্ন থাকলে, কার সাথে আমার যোগাযোগ করা উচিত?

এই প্রকল্প সম্পর্কে আপনার মনে কোনো প্রশ্ন বা উদ্বেগ জাগলে, প্রথমেই ডেরিন ওয়েব এবং/অথবা কাইলি ওয়াটসনের [Derin Webb এবং/অথবা Kylie Watson] কাছে উত্থাপন করা উচিত, তারা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।

এই লিফলেটটি পড়ার জন্য এবং ম্যাটারনিটি ইন কালার প্রজেক্টে অবদান রাখার কথা বিবেচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার অংশগ্রহণ বৈচিত্রময় পটভূমি থেকে আসা পরিবারগুলোর মাতৃত্বকালীন চিকিৎসা সেবা এবং এর ফলাফল উন্নত করতে সাহায্য করবে। 

University of Salford
Manchester University NHS Foundation Trust